গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“গোপালগঞ্জকে আমরা দিল্লীর কাছে ইজারা দেইনি।
আমার সহযোদ্ধাদের উপর ন্যূনতম আঘাত আসলে,
পুরো বাংলাদেশের জনগণ গোপালগঞ্জকে পতিত ফ্যা’সি’স্টের কব্জা থেকে স্বাধীন করবে ইনশাআল্লাহ।”
সাদিক কায়েম বলেন, “পুলিশ প্রশাসন, যৌথবাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়। দেশবাসী প্রস্তুত থাকুন।”
বুধবার দুপুরে শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে হঠাৎ করে ছাত্রলীগের একটি মিছিল মঞ্চে হামলা চালায়। তারা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর করে ও নেতাকর্মীদের মারধর করে।
এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এর আগে সকালে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যেই ইউএনওর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশের অন্তত ৩ সদস্য আহত হন।বর্তমানে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে রাজনৈতিক পরিবেশ টালমাটাল।