গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের একের পর এক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে শহর। এই ঘটনায় অবরুদ্ধ এনসিপি নেতা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসাইন।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন: “ছাত্র-জনতা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিন, ছাত্রনেতারা সহায়তা চেয়েছেন। পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বাকি কথা পরে হবে—সবাই অবরুদ্ধ সারজিস-হাসনাতদের পাশে দাঁড়ান।”
সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
দুপুরে পৌরপার্কের সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালায় হেলমেটধারী হামলাকারীরা।
বৃষ্টির সুযোগে পুলিশ এবং নেতাকর্মীরা একটু দূরে সরতেই এই হামলা চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এনসিপির পদযাত্রা ঠেকাতে ইউএনওর গাড়িবহরেও হামলা ও ভাঙচুর করা হয়।
সদর ইউএনও এম রকিবুল হাসান এবং ওসি মির মো. সাজেদুর রহমান ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, “পদযাত্রা বানচালের জন্য ছাত্রলীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা এসব হামলার নেতৃত্ব দিয়েছে।”
অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েনের পরও গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সহিংসতা নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।