প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিপির পদযাত্রায় ছাত্রলীগ-পুলিশের সংঘর্ষ, রণক্ষেত্র গোপালগঞ্জ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গোপালগঞ্জে ফের সহিংসতা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপির সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রলীগ-পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়ে ৩:২০ মিনিট পর্যন্ত চলমান ছিল। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল এসে এনসিপির নেতাকর্মীদের সরিয়ে নেয়।

এর আগে দুপুর দেড়টার দিকে সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ এনসিপি নেতাকর্মীদের।
তারা জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ হেলমেট পরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়, চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং অনুষ্ঠান মঞ্চ ধ্বংস করে।

সকালে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয়।
এছাড়া গান্ধিয়াশুর এলাকায় ইউএনও’র গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এই দুই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান এবং সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।

ওসি বলেন,“জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে আসার কথা। সেই পদযাত্রা বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা এসব হামলার নেতৃত্ব দেয়।”

বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনমতো হস্তক্ষেপ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা