জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গোপালগঞ্জে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেন।
হামলাকারীরা সমাবেশস্থলে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার, মাইক ভেঙে ফেলে এবং সেখানে থাকা এনসিপি নেতাকর্মীদের ওপর শারীরিকভাবে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।
এর আগে সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এনসিপির পদযাত্রা চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। একই দিনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরেও হামলা চালানো হয় বলে জানায় পুলিশ।
জাতীয় নাগরিক পার্টি জুলাই মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শিরোনামে দেশের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে ১৬ জুলাই ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল দলটি।
সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, “ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পদযাত্রা বানচালের জন্য পুলিশের ওপর হামলা চালায় এবং গাড়িতে আগুন দেয়। পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”
সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।র