গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রা ঘিরে সহিংসতা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর গোয়েন্দা শাখা।
গোয়েন্দা সূত্র জানায়, এনসিপির পদযাত্রা কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা এবং নাশকতা চালানো হয়। এরই অংশ হিসেবে কংশুর এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পায় সেনাবাহিনী।
তথ্য যাচাই শেষে সেনা সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। তবে এখনো পর্যন্ত আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
জেলার বিভিন্ন স্থানে সেনা টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, সহিংসতা বা অরাজকতা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।