গোপালগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রা বানচালের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা—এমন অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন—“জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ পৌর পার্কে একটি পদযাত্রা হওয়ার কথা ছিল। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ দিচ্ছিলেন। তাদের আগমন ঠেকাতে ও পদযাত্রা বানচাল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গান্ধিয়াশুর এলাকায় গাড়িবহরে হামলা চালায়।”
এনসিপির কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জ শহরে প্রবেশ ও পদযাত্রায় যোগদানের কথা থাকলেও এই হামলার কারণে কর্মসূচিতে বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।