প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবি উপাচার্যের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে উপাচার্য এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি ডাকসু নির্বাচন বিষয়ে গঠিত নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষা ও গবেষণার অগ্রগতি, চলমান উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও স্থাপনা নির্মাণ সংক্রান্ত একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকা বৃহৎ প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে তিনি প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য সরকারি অনুদান বৃদ্ধির বিষয়েও সহায়তা চান উপাচার্য।

সাক্ষাৎকালে অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য সমাবর্তনে প্রধান উপদেষ্টার উপস্থিতি কামনা করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা