প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ  মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৩০ বোতল ও ৪ লিটার তরল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক জায়েদ আল জফরী-এর নেতৃত্বে একটি টিম দিনাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বালুয়া ডাঙ্গা অন্ধ হাফেজ মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ মিরাজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল এবং ২টি বোতলে ভরা ৪ লিটার তরল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা। আটক মিরাজুল ইসলাম ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং মোঃ আল-আমিন-এর পুত্র।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় দিনাজপুর কতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান। তিনি বলেন, “মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”

মেহেদী হাসান ফুয়াদ

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা