ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরুলের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। তাকে বর্তমানে ভালুকা মডেল থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হত্যার পেছনের মোটিভ ও অন্যান্য তথ্য গণমাধ্যমে জানানো হবে।
এর আগে সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌর শহরের পনাশাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে তিনটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—ময়না আক্তার (২৫), তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।
নিহতদের স্বামী রফিকুল ইসলাম ঘটনার সময় রাতে কর্মস্থলে ছিলেন। সকালে বাসায় ফিরে তালা লাগানো দেখে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে তিনটি ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান।
নজরুল ইসলাম ছিলেন রফিকুল ইসলামের ছোট ভাই এবং একই বাসার পাশের কক্ষে থাকতেন। ঘটনার পর থেকে নজরুল পলাতক ছিলেন। নিহত ময়নার বড় ভাই জহিরুল ইসলাম রাতেই ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে নজরুলকে প্রধান আসামি করা হয়। আরও ১-২ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম গাজীপুরের একটি হত্যা মামলায় দুই বছর কারাবরণ করেছিলেন। মাত্র আড়াই মাস আগে বড় ভাই রফিকুল ইসলাম ৪০ হাজার টাকা দেনা করে তাকে জামিনে মুক্ত করেন। এরপর থেকেই তারা একসঙ্গে বসবাস করছিলেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন,“ঘটনার মূল রহস্য উদঘাটনে নজরুলকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”