প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাকে বাড়িতে ঢুকতে দিলেন না ছেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫

নওগাঁয় নিজের বাড়িতে প্রবেশ করতে গিয়ে ছেলের বাধার মুখে পড়েছেন এক মা। শহরের কাজীর মোড় এলাকায় সকালে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, ছেলের কাছে অপমানের শিকার হন ওই মা বিলকিস আক্তার (৬২)।

ভুক্তভোগী বিলকিস আক্তার জানান, সকালে তিনি মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে গেলে তার ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভ তাকে প্রবেশে বাধা দেন এবং সিঁড়ির গেটে তালা লাগিয়ে দেন। তিনি কান্নাকাটি করে অনুরোধ জানালেও ছেলের মন গলেনি। বাধ্য হয়ে সিঁড়ির পাশে বসেই সময় কাটান তিনি।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরা ওই বাড়িতে ছুটে যান। আলোচনা চলাকালীন তাদের সামনেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই পক্ষকেই থানায় নিয়ে যান।

বিলকিস আক্তার বলেন, “আমার স্বামী মারা যাওয়ার পর আমি এই বাড়িতেই থাকতাম। মাঝেমধ্যে মেয়ের বাড়িতে গেলেও এটিই আমার স্থায়ী ঠিকানা। বাড়িটি আমার স্বামীর নামে, এবং আমরা সকলে এই বাড়ির ওয়ারিশ। কিন্তু আমার ছেলে একাই সব দখলে নিয়ে আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না। আজ সকালে যখন বাড়িতে আসি, সে গেট বন্ধ করে দেয়। আমি উঠতে পারিনি।”

তিনি আরও বলেন, “এই বাড়ি তো শুধু তার একার না, আমার মেয়েদেরও অংশ আছে। তাহলে আমাকে কেন ঢুকতে দেবে না? আমি আমার বাড়িতে থাকতে চাই।”

ঘটনাটি স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবিক দিক বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা