প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজায় একদিনেই নিহত ৭৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ফের ভয়াবহ হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) একদিনেই চালানো এসব হামলায় কমপক্ষে ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে ত্রাণ নিতে আসা বহু সাধারণ মানুষও রয়েছেন।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা যায়, দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি ত্রাণ বিতরণকেন্দ্রের পাশে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারান। এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৮ জনে।

এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুস শহরের একটি বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলায় ৯ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাণিজ্যিক ভবনে হামলায় আরও ৪ জনের মৃত্যু হয়।

ইসরায়েলি সেনারা উত্তর গাজা ও গাজা শহরে হামলা জোরদার করেছে বলে জানা গেছে। গাজা শহরের টুফাহ ও শুজাইয়া এলাকায় পাল্টা বিমান হামলায় বহু আবাসিক ভবন ধ্বংস হয়। ওয়াফা’র তথ্যমতে, শুধু গাজা শহরেই ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ডজনখানেক।

এদিকে গাজা শহরে এক অ্যামবুশে একটি ইসরায়েলি ট্যাংকে রকেট নিক্ষেপ এবং পরে ছোট অস্ত্রের গুলিবর্ষণের ঘটনায় তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম।

জাতিসংঘের মানবিক সংস্থাগুলো গাজায় ত্রাণ প্রবেশের আহ্বান অব্যাহত রেখেছে। কিন্তু জ্বালানির মারাত্মক ঘাটতির কারণে অনেক ডেসালিনেশন প্লান্ট, পানির পাম্প স্টেশন এবং বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ইসরায়েল চলতি বছরের ২ মার্চ থেকে গাজায় প্রায় সব ধরনের জ্বালানি প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে, যার ফলে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও পানি সরবরাহ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা