প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপিকে চামড়া তোলার হুমকির বদলে সন্ত্রাস দমন করার পরামর্শ জামায়াত নেতার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫

বিএনপিকে নিজেদের দলীয় সন্ত্রাস ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “জামায়াত নেতাকর্মীদের চামড়া তোলার চেষ্টা না করে নিজেদের ঘর সামলান। না হলে আওয়ামী লীগের মতো আপনাদের ওপরও অভিশাপ নেমে আসবে।”

সোমবার (১৪ জুলাই) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি আব্দুস সালাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি সোহেল রানা মিঠু।শ্রমিকরা নতুন বাংলাদেশের রূপকার

শ্রমিক জনগোষ্ঠীর অবদানের কথা তুলে ধরে বুলবুল বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ ও আহত হয়েছেন শ্রমিকরাই। তাদের অবদান জাতি কোনোদিন ভুলবে না। শহীদ পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব জামায়াত নিয়েছে।”

তিনি আরও জানান, শহীদদের স্মরণে ১৫০০ পৃষ্ঠার ১০ খণ্ডে লেখা একটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে আহতদের নিয়েও বই প্রকাশ করা হবে।

“আওয়ামী লীগের পঁচা রাজনীতি নতুন করে শুরু করলে পরিণতিও একই হবে”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জামায়াতের কোনো নেতা পালিয়ে যায়নি। বরং জীবন বাজি রেখে রাজনীতি করেছে। এখন নতুন কিছু গোষ্ঠী আওয়ামী লীগের মতোই দেশে একচেটিয়া রাজনীতি করতে চাইছে। তাদেরও আওয়ামী লীগের মতো বিদায় নিতে হবে।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা দেশ ছাড়ার ভয় দেখায়, তারাই আসলে দেশ ছাড়া হয়। বিদেশে বসে যারা হুঙ্কার দেয়, তারা বাংলার মাটি বোঝে না।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা