প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মব কালচারের প্রতিবাদে ছাত্রদলের শাহাবাগে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিক্ষাঙ্গনে ক্রমবর্ধমান মব কালচারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইলের মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেই তারা মোড় অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলের সময় গোপন ষড়যন্ত্র ও শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন,“বাংলাদেশের জনগণ তারেক রহমানকে দেশের অভিভাবক হিসেবে মেনে নিয়েছে। কিন্তু ছাত্রলীগের গুপ্তচররা সেটা সহ্য করতে না পেরে বিভ্রান্তিকর স্লোগান দিচ্ছে এবং শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে রাজনৈতিক অপতৎপরতায় লিপ্ত হচ্ছে।”

তিনি শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান, যেন ভবিষ্যতে কেউ গোপনে ‘রাজনৈতিক মাস্তানির’ পরিবেশ তৈরি করতে না পারে।ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,“দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। এর দায় বর্তমান ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে নিতে হবে।”

তিনি আরও বলেন,“যারা অন্ধকারে মিছিল করে, তারা এসব ব্যর্থতা আড়াল করে তারেক রহমানকে লক্ষ্য করে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেয়। এ থেকেই বোঝা যায়, সরকার নির্দলীয় থাকার ভান করলেও আদতে নিরপেক্ষতা হারিয়েছে।”

এই মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ বিভিন্ন কলেজ, থানা ও ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা