প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫

বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে রাখা পুরাতন ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, একটি ফ্রিজ ও বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনার সময় অফিসে কর্মরত নাইটগার্ড দায়িত্বে অবহেলা করে পর্দা টানিয়ে বাইরে চলে যান। পরে এক পরিচ্ছন্নতাকর্মী অফিস পরিষ্কারের সময় একটি রুম থেকে ‘কটকট’ শব্দ শুনতে পান। তিনি বিষয়টি অন্য কর্মীদের জানান। সবাই মিলে গিয়ে আগুনের অস্তিত্ব বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনা ইউনিটের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন,“সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আগুন মূলত হিসাব শাখার একটি কক্ষে সীমাবদ্ধ ছিল। সৌভাগ্যবশত, পাশেই থাকা মূল স্টোররুমটি রক্ষা পেয়েছে।”

অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র, নির্বাচনী সামগ্রী ও অফিসের আসবাবপত্র পুড়ে যাওয়ায় প্রশাসনিকভাবে মর্যাদাপূর্ণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে পুরো অফিস ভবনটি।

আগুন লাগার মূল কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিদ্যুৎগত শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা