প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শুধু বক্তৃতা নয়, কার্যকর সিদ্ধান্ত চান শিশির মনির”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫

দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ‘জুলাই ঘোষণা’র মতো সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি খোলা চিঠি দিয়েছেন সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রবিবার (১৩ জুলাই) প্রকাশিত চিঠিতে তিনি নতুন সংবিধান, গণভোট এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সমাধানের রূপরেখা তুলে ধরেন।

চিঠিতে শিশির মনির প্রশ্ন তোলেন, চলমান সংকটের পেছনে দায়ী ভুলটি কী এবং সেটি কারা করছে—তা নিয়ে কি রাজনৈতিক দলগুলো চিন্তা করেছে? না বুঝে, নাকি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে? এসব প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি মনে করিয়ে দেন, কেবল শক্তি প্রদর্শনের মাধ্যমে নয়, বরং সাহসী ও যৌক্তিক সংস্কার উদ্যোগই হতে পারে স্থায়ী উত্তরণের পথ।

তিনি আরও বলেন, প্রায় এক বছর ধরে রাজনৈতিক বক্তৃতা, জনসভা ও সেমিনারে ‘জুলাই ঘোষণা’, ‘গণভোট’, ‘নতুন সংবিধান’, ‘সংস্কার’—এসব শব্দ ঘুরেফিরে আসছে। অথচ এখনো পর্যন্ত কোনো দল এগিয়ে এসে স্পষ্ট রূপরেখা দিতে পারেনি। তার মতে, সাহসের অভাব এবং একে অপরের ওপর সন্দেহের জেরেই কাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

শিশির মনিরের চিঠির মূল বক্তব্য হুবহু তুলে ধরা হলো:

কোথাও একটা ভুল হচ্ছে! কী সেই ভুল? কে করছে? কেন হচ্ছে? না বুঝে? নাকি বুঝেও ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে? এর ফলাফল কী? ভেবে দেখেছেন? পরামর্শ নিয়েছেন? যদি নিয়ে থাকেন কার পরামর্শ? কী বিষয়ে পরামর্শ? কেন পরামর্শ দরকার? বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে? তারা কী উপদেশ দিয়েছেন? পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক করেছেন? অতীতের নজিরগুলি ঘাটাঘাটি করেছেন? নাকি শুধু হৈ-হুল্লোড়ই করছেন? শক্তি প্রদর্শনে ব্যস্ত আছেন।নি

ইনিয়ে-বিনিয়ে কথা বলতে পারবেন না। সমাধান কিন্তু বের করতে পারবেন না। বাচ্চারা বের করেছে সমাধান। তাদের কথা মেনে নেন। বাচ্চাদেরকে অবহেলা কইরেন না… সাহস দেখাতে পারলে বর্তমান সংবিধান স্থগিত করে দেন। এটাই পথ। একমাত্র পথ।

চিঠিতে একপর্যায়ে তিনি অভিযোগ করেন, তরুণদের আন্দোলনের প্রতি কিছু প্রবীণ রাজনীতিক সন্দেহ প্রকাশ করছেন। তাদের অভিজ্ঞতার কথা বলে নতুন নেতৃত্বকে খাটো করা হচ্ছে, যা সংকট সমাধানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।

শিশির মনির মনে করেন, বর্তমান প্রজন্মই সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে দেশকে নতুন গতিতে এগিয়ে নিতে চাচ্ছে। তাই তরুণদের নেতৃত্বকে সমর্থন দিয়ে, তাদের প্রস্তাবিত ‘জুলাই ঘোষণা’কে আইনি স্বীকৃতি দিলেই কেবল সংকটের টেকসই সমাধান সম্ভব।

উপসংহারে তিনি বলেন, এখনই সময় সব পক্ষকে একত্রিত হয়ে সাহসী সিদ্ধান্ত নেওয়ার। বিলম্ব হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে এবং আগের ভুলের পুনরাবৃত্তি হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা