রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী মো. সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টায় মেলান্দহ থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মিছিলে অংশ নিয়ে বক্তারা বলেন, “সোহাগ হত্যাকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নির্দেশ করে। দ্রুত বিচার না হলে মানুষের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।”
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। তাদের মধ্যে ছিলেন—জামালপুর জেলার যুগ্ম সমন্বয়কারী মো. শাহিদুর রহমান সম্রাট ও মো. খলিলুর রহমান লিটন, জেলা সদস্য মো. আব্দুর রউফ, বকশীগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির ১ নম্বর সদস্য সালাউদ্দিন মন্ডল প্রাইস, ইসলামপুর উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. জুবায়দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও সেল সম্পাদক মো. ওয়াসিমুল সামি, যুগ্ম সদস্য সচিব আমিমুল ইহসান, এবং সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ মো. রাসেল হোসাইন ও মো. ফাহিম হাসান লাদেন।
নেতৃবৃন্দ অবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।