প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমানের সম্মান রক্ষার দাবিতে বিএনপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫

নওগাঁয় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা প্রচার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষের প্রতিবাদে মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি। একইসঙ্গে রাজধানীতে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার দ্রুত বিচারের দাবিও জানানো হয়।

রবিবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের দিকনির্দেশনায় শহরের মুক্তির মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, আ. বারী তুহিন, সদস্য রিপন ও রাজু, ড্যাব নেতা ডা. নয়ন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজ ও প্রচার সম্পাদক সনি, রিকশা-ভ্যান শ্রমিক দলের জেলা সদস্য সচিব ছোটন এবং নওগাঁ সদর থানা বিএনপির সদস্য সচিব মারুফ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘স্বাধীনতাবিরোধী একটি চক্র পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এবং দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।’

বক্তারা আরও বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির তীব্র নিন্দা জানাই। দলের কেউ অপরাধ করলে সে যত বড় নেতা হোক, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।’

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা