চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরুটা রেমিট্যান্স প্রবাহে আশাব্যঞ্জক হয়েছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১২ দিনেই দেশে এসেছে ১০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার কোটি টাকা (১ ডলার = ১২১ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ে (২০২৪ সালের জুলাইয়ের প্রথম ১২ দিন) দেশে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। সে হিসেবে এ বছর একই সময়ের তুলনায় ১২ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ১,৫০০ কোটি টাকা বেশি এসেছে। প্রবৃদ্ধির হার প্রায় ১৩ শতাংশ।
সদ্য সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরের জুন মাসেই প্রবাসীরা পাঠিয়েছেন ২৮১ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।এর আগে মে মাসে এসেছিল ২৯৭ কোটি ডলার, যা ছিল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
পুরো ২০২৪–২৫ অর্থবছরে (জুলাই–জুন) দেশে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের (২০২৩–২৪) একই সময়ে এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৬ দশমিক ৮ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, হুন্ডি নিরুৎসাহিত করা, ডলারের ওপর প্রণোদনা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শ্রমবাজার চাঙা থাকায় রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। তবে টেকসই বৃদ্ধির জন্য প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং প্রবাসে ব্যাংকিং সুবিধা সহজলভ্য করার ওপর জোর দিয়েছেন তারা।