চলতি ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে ‘জুলাই কোটা’ যুক্ত করার সুপারিশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। একইসঙ্গে বিদ্যমান নীতিমালায় মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজনীয়তা নেই বলেও মত দিয়েছে তারা। শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, এই সুপারিশের বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, “জুলাই কোটা রাখার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় রয়েছে। আলোচনার মাধ্যমে নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “জুলাই মাসে যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের অনেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। অনেকে চিকিৎসাধীন অবস্থায়ও পরীক্ষা দিয়েছেন। তারা মেধাবী হলেও মানসিক ট্রমার কারণে কাঙ্ক্ষিত ফল করতে পারেননি। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কিছু বছরের জন্য ‘জুলাই কোটা’ চালুর প্রস্তাব এসেছে।”
কর্তৃপক্ষ জানিয়েছে, এটি স্থায়ী কোনো কোটা হবে না। সময়োপযোগী বিবেচনায় কয়েক বছরের জন্য এটি চালু করা হলেও পরবর্তীতে তা বিলুপ্ত করা হবে।
২০২৪ সালে প্রণীত নীতিমালার ভিত্তিতে একাদশ শ্রেণিতে বর্তমানে ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে ভর্তি হয়। বাকি ৭ শতাংশ বিভিন্ন কোটায় রাখা হয়েছে— ৫ শতাংশ: বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ,২ শতাংশ: শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ ২৮টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য
তবে চলমান প্রস্তাব অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটাটি বাতিলের সুপারিশ করা হয়েছে, যা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা খুব শিগগিরই চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে। সেই সঙ্গে কোটার এই পরিবর্তন সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলেও গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।