প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মালয়েশিয়ায় পতিতালয় থেকে ১০ বাংলাদেশি নারী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেটালিং এলাকায় একটি পতিতালয়ে অভিযান চালিয়ে ১০ জন বাংলাদেশি নারীসহ মোট ১৪ জন নারীকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। উদ্ধারকৃতদের সবাইকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছিল বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

জেআইএম কুয়ালালামপুর শাখার পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে ‘অপ প্যান্টাস (এটিআইপি)’ নামে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মানবপাচার বিষয়ক জাতীয় নির্দেশিকা (এনজিএইচটিআই ২.০) অনুসরণ করা হয়।

উদ্ধার হওয়া নারীদের মধ্যে ১০ জন বাংলাদেশি, তিনজন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। একজন ভুক্তভোগী নারী জবানবন্দিতে জানান, সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার প্রেমিক তাকে বিক্রি করে দেয় এবং এরপর তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন খদ্দের পালানোর চেষ্টা করে। তদন্তে জানা গেছে, সংশ্লিষ্ট পতিতালয়টি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এবং রাস্তায় পথচারীদের খদ্দের হিসেবে টার্গেট করে।

এ ঘটনায় ভবনটির তত্ত্বাবধায়ক সন্দেহে তিনজন স্থানীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০০৭ সালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইনের ১২ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানে আরও ১৬ জন পুরুষ খদ্দেরকে আটক করা হয়। এদের মধ্যে ৯ জন নেপালি, ৫ জন মিয়ানমারের নাগরিক এবং ২ জন বাংলাদেশি রয়েছেন।

জেআইএম-এর বিবৃতিতে বলা হয়, উদ্ধারকৃত নারী ও আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং চিকিৎসা সহায়তার পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মালয়েশিয়ায় অভিবাসী নারীদের ঝুঁকিপূর্ণ অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা