প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চলে গেলেন তেলেগু সিনেমার কিংবদন্তি কোটা শ্রীনিবাস রাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫

তেলেগু চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও সাবেক বিধায়ক কোটা শ্রীনিবাস রাও আর নেই। রবিবার (১৩ জুলাই) ভোররাতে হায়দরাবাদের ফিল্মনগর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কাঙ্কিপাড়ু গ্রামে জন্মগ্রহণ করেন কোটা শ্রীনিবাস রাও। ছাত্রজীবনেই মায়ের অনুপ্রেরণায় মঞ্চে অভিনয় শুরু করেন। চলচ্চিত্রে আসার আগে তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতেন।

১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রাণম খারেদু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে। এরপর চার দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করে গেছেন ৭৫০টিরও বেশি সিনেমায়। শুধু তেলেগু নয়, তামিল, হিন্দি, কন্নড় এবং একটি মালয়ালম ভাষার সিনেমাতেও কাজ করেছেন তিনি।

বড়পর্দায় খলঅভিনেতা, চরিত্রাভিনেতা কিংবা কৌতুকাভিনেতা—প্রতিটি ভিন্ন ভিন্ন চরিত্রে অসামান্য অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন কোটা।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি অন্ধ্রপ্রদেশ সরকারের কাছ থেকে ৯ বার নন্দী পুরস্কারে ভূষিত হন। ২০১৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মান প্রদান করে।

চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন কোটা শ্রীনিবাস রাও। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে ১৯৯৯ সালে তিনি বিজয়ওয়াড়া (পূর্ব) বিধানসভা আসন থেকে নির্বাচিত হন এবং ২০০৪ সাল পর্যন্ত বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে ভারতের চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী অভিনেতা, পরিচালক এবং রাজনীতিবিদরা সামাজিক মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

একজন বহুমাত্রিক অভিনেতা হিসেবে কোটা শ্রীনিবাস রাওকে যুগ যুগ ধরে স্মরণ করবে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রভুবন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা