প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৯১, মৃত্যু আরও ১ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫

দেশজুড়ে ডেঙ্গু জ্বরের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬০ জনে। মারা গেছেন ৫৫ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরে সর্বোচ্চ ১২৮ জন ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরপর রাজশাহীতে ৫৭ জন, চট্টগ্রামে ৪১ জন, ঢাকা বিভাগে ৩৯ জন, খুলনায় ৩০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৩ জন, ঢাকা উত্তরে ২০ জন, ময়মনসিংহে ১১ জন এবং রংপুরে ২ জন আক্রান্ত হয়েছেন।

একই সময়ে ৩৫৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মাধ্যমে চলতি বছর সুস্থ হয়ে ফিরেছেন ১৩ হাজার ১০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে ডেঙ্গু রোগীদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

২০২৩ সালে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ এবং আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। চলতি বছর তুলনামূলকভাবে সংখ্যা কম হলেও বর্ষা মৌসুমে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা