চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে সেখানে অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপন চালাচ্ছে হ্যাকাররা। রবিবার (১৩ মে) সকালে ওয়েবসাইটে প্রবেশ করলে এই অনভিপ্রেত দৃশ্য চোখে পড়ে।
হ্যাকড ওয়েবসাইটে ‘Slot Gacor’, ‘Slot88’, ‘Maxwin’ ইত্যাদি শিরোনামে অনলাইন জুয়ার একটি সাইটের প্রোমোশনাল কনটেন্ট দেখা যাচ্ছে। সেখানে ব্যবহারকারীদের ‘লগইন’ ও ‘নিবন্ধন’ করতে উৎসাহিত করা হচ্ছে এবং লক্ষ-কোটি টাকা আয়ের প্রলোভন দেখানো হচ্ছে।
হ্যাকারদের ব্যবহৃত বিজ্ঞাপনের ভাষা ইংরেজি ও ইন্দোনেশিয়ান মিশ্রণে লেখা। এতে বলা হয়েছে—“সর্বশেষ স্লট হলো একটি নির্ভরযোগ্য স্লট সাইট, যেখানে Slot88 লিংকের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ম্যাক্সউইন পেতে পারেন। শুধুমাত্র আজ রাতেই গাকর স্লট সাইটে অ্যাকাউন্ট খুললেই এই সুযোগ মিলবে।”
এছাড়া, জনপ্রিয় ও নির্ভরযোগ্য স্লট প্রোভাইডার ব্যবহারের দাবিও করা হয়েছে, যাতে ‘আজকের সর্বশেষ স্লট সাইট’-এর নামে প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।