ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙরি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে—খুনিরা যেই রাজনৈতিক দলের হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
শনিবার (১২ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় বলেন,“হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে হেফাজতে নেওয়া হয় এবং তার দেওয়া তথ্যে অপর অভিযুক্ত তারেক রহমান রবিনকেও গ্রেপ্তার করা হয়েছে।”
ডিসি তালেবুর রহমান আরও জানান,“তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা অপরাপর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক ভূমিকা রাখছে।”
তবে ডিএমপি দুঃখ প্রকাশ করে জানিয়েছে, পুলিশের তৎপরতা নিয়ে সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে, যা তদন্ত কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশ এই অপপ্রচারে না জড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।
ডিএমপি তাদের বার্তায় জোর দিয়ে বলেছে,“খুনিরা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আনা হবে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”