প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এবার বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জুলাই) রাত ৯টা ৫৫ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে এই বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত না হলেও ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।”

বিএনপির নির্বাহী সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী অভিযোগ করেন, “দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।”

এই বিস্ফোরণের ঘটনা এমন সময় ঘটলো, যখন মিটফোর্ড হাসপাতালে সোহাগ নামে এক ব্যবসায়ীকে হত্যা নিয়ে দলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিএনপি। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। সেইসঙ্গে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। কেউ কেউ নিজেরাই দল থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীদের মধ্যে আলোচনার কেন্দ্রে এসেছেন মালয়েশিয়া বিএনপির সাবেক নেতা ড. ফয়জুল হক, যিনি ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন। তবে দল বলছে, তাকে আগেই বহিষ্কার করা হয়েছিল। এছাড়া তার জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে দলের ভেতরে মতভেদ তৈরি হয়েছে।

নয়াপল্টনে বিস্ফোরণের ঘটনাটি এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই ঘটলো, যা বিএনপির ওপর আরও চাপ সৃষ্টি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা