প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খতিবকে কুপিয়ে জখম: জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫

চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমান (৬৮) এর ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াত ইসলামী চাঁদপুর শহর শাখা।

শনিবার (১২ জুলাই) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন জামায়াত নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “উগ্রবাদের কোনো ঠাঁই চাঁদপুরে হবে না। আলেম-উলামাদের ওপর হামলা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। যারা এই বর্বরোচিত হামলা করেছে, তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তারা আরও বলেন, “আলেমদের ওপর হামলা মানে ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত। কেন এমন পবিত্র স্থান—মসজিদে—এ হামলা হলো, তার সুষ্ঠু তদন্ত চাই। প্রশাসনকে এর দায় নিতে হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা নায়েবে আমির মাছুমুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সদর উপজেলা আমির অ্যাডভোকেট শাহজাহান খান প্রমুখ।

এর আগে শুক্রবার (১১ জুলাই) শহরের প্রফেসরপাড়া এলাকায় খতিব মাওলানা আ ন ম নুর রহমানের ওপর কুপিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় শনিবার (১২ জুলাই) তার ছেলে আফনান তাকি বাদী হয়ে অভিযুক্ত মো. বিল্লাল হোসেন (৫০)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হামলার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ধর্মীয় মহল ও সাধারণ মুসল্লিদের মধ্যে ঘটনার নিন্দা ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা