প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এবার ঢাবি ছাত্রদল নেতা আবু সায়ীদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী মোহাম্মদ আবু সায়ীদ পদত্যাগ করেছেন। শনিবার (১২ জুলাই) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি ছাত্রদল ছাড়ার ঘোষণা দেন এবং দলীয় নেতৃত্ব, মতাদর্শ ও নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

আবু সায়ীদ লিখেছেন,“আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে নিজেকে বিরত ঘোষণা করছি কয়েকটি কারণে—সবচেয়ে বড় কারণ, বিএনপি একটি পরিবারতান্ত্রিক দল হয়ে গেছে। যেখানে গণতন্ত্র নেই, সেখানে জনগণকে কীভাবে গণতন্ত্র উপহার দেওয়া সম্ভব?”

তিনি প্রশ্ন তোলেন, একজন কর্মী বা নেতা যোগ্যতা থাকার পরও যদি কেবল পরিবার না হওয়ায় দলের শীর্ষ পদে যেতে না পারেন, তবে সেই দলে গণতন্ত্রের কি মূল্য আছে?আবু সায়ীদ বলেন,“বিএনপি ২ বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার কথা মুখে বললেও, বাস্তবে তারা চায় কেউ একবার বিরতি দিয়ে বারবার ক্ষমতায় ফিরে আসুক। এটা তো সরাসরি নীতিগত দুর্বলতা।”

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় গেলে বিএনপি সব নিয়ম পাল্টে ফেলবে—এমন আচরণ আগেই লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনশনে বসলে নিজ দলের ছাত্রনেতারা পর্যন্ত তাকে হেয় করেছেন বলে অভিযোগ করেন তিনি।

ভোলায় সাবেক ছাত্রদল নেত্রী ঈপ্সিতার ধর্ষণ ও হত্যার বিষয়ে আবু সায়ীদ বলেন,“সে দল থেকে পদত্যাগ করায় কেউ তার পাশে দাঁড়ায়নি। তাহলে কি দলীয় সম্পর্ক না থাকলে কেউ বিচার পাওয়ার অধিকার রাখে না?”

তিনি একইভাবে চকবাজারে যুবদল নেতা সোহাগ হত্যার প্রসঙ্গ টেনে বলেন,“ছাত্রদল বলেছে হত্যাকারীরা বহিষ্কৃত। কিন্তু একজন অপরাধীকে অপরাধী হিসেবে শনাক্ত করতেই যদি এত সময় লাগে, তাহলে সংগঠন কতটা সৎ?”

আবু সায়ীদ অভিযোগ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম নিয়ে সমালোচনা করায় তাকে হুমকি দেওয়া হয়েছে।“সমালোচনা করলে দেখে নেওয়ার হুমকি, পুলিশ ভেরিফিকেশনের ভয়! এটা কি ছাত্রদল? আর সমালোচনা না সহ্য করত তো আওয়ামী লীগ!”

তিনি প্রশ্ন তোলেন,“ছাত্রদলের রাজনীতি কি শুধু প্রোগ্রাম আর পোস্টারে সীমাবদ্ধ থাকবে? অ-ছাত্র এবং বয়স্কদের দিয়ে ছাত্রদল চালানো হবে কেন?”

আবু সায়ীদ বলেন,“তারেক রহমান সাহেব, আপনি ব্রিটেনে বসে গণতন্ত্রের চর্চা দেখেছেন। আপনি কি বাংলাদেশের তরুণদের জন্য কিছু বদল এনে দিতে পারবেন? আমরা কি আপনার কাছ থেকে আশা রাখতে পারি?”

, দলীয় স্বৈরতন্ত্র, গণতন্ত্র প্রশ্ন, ঈপ্সিতা ধর্ষণ, সোহাগ হত্যা, ছাত্রদল সমালোচনা, দ্রুত বিচার দাবি, রাজনৈতিক সংস্কার, ছাত্রদলের ভাঙন, তরুণদের হতাশা, ফেসবুক পদত্যাগ বার্তা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা