রাজধানীর মিটফোর্ডে ভাঙারী ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, “দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০-এর অধীনে এই মামলার দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা হবে।”
আসিফ নজরুল লিখেছেন,“মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।”
তিনি আরও বলেন,“এই পাশবিক হত্যাকাণ্ডের দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে।”
আইন উপদেষ্টার এই ঘোষণার পরপরই ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। মাত্র ৩৫ মিনিটে সাড়ে সাত হাজারের বেশি মন্তব্য জমা পড়ে পোস্টটিতে।
সাংবাদিক ফয়সাল আতিক মন্তব্য করেন,“প্রশাসন বারবার পাঁচজনের কথা বলছে কেন? এই ঘটনায় কি আরও কেউ জড়িত নেই? জনতুষ্টি অর্জনের জন্য কি অল্প কিছু নামেই দায় সেরে ফেলা হচ্ছে?”
একজন নাগরিক ফরিদ উদ্দিন আল মাদানী লিখেছেন,“ভাইরাল হলে অপরাধী ধরা হয়, পরে আর কোনো খবর থাকে না। আছিয়া নিয়ে অনেক কথা বলেছেন, শেষ খবর কী? বিচার বিলম্বই অপরাধীদের সাহসী করে তোলে। এই মন্ত্রণালয় চালাতে না পারলে জনগণের কাছে মাফ চেয়ে পদত্যাগ করুন।”
গত ৯ জুলাই সন্ধ্যায় ঢাকা মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে রড ও পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।