প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিটফোর্ডে প্রকাশ্যে খুন হওয়া ব্যবসায়ীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫

চাঁদাবাজির জেরে ঢাকার মিটফোর্ডে নির্মমভাবে খুন হওয়া ভাঙ্গারী ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নিজ জেলা বরগুনায় দাফন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে, তার মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।

৪০ বছর বয়সী সোহাগ ঢাকায় দীর্ঘদিন ভাঙ্গারী ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে অন্যের অধীনে কাজ করলেও গত পাঁচ বছর ধরে তিনি নিজেই স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করছিলেন। তার দুই সন্তান রয়েছে—মেয়ে সোহানা (১৪) ষষ্ঠ শ্রেণিতে এবং ছেলে সোহান (১১) চতুর্থ শ্রেণিতে পড়ে।

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে বর্বরভাবে হত্যা করা হয় সোহাগকে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা রড ও বড় পাথর দিয়ে তার মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করে। হত্যা নিশ্চিত হওয়ার পর উল্লাস করে তার মুখে পাথর ছোড়ে। ওই নির্মম ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগের সঙ্গে স্থানীয় এক যুবদল নেতা মঈনের ঘনিষ্ঠতা ছিল। একসময় তাদের মধ্যে সখ্যতা থাকলেও সম্প্রতি মঈন তার ব্যবসার অর্ধেক দাবি করলে বিরোধ সৃষ্টি হয়। প্রাথমিকভাবে এই বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।

নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বরগুনা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

#মিটফোর্ডহত্যা #সোহাগহত্যা #চাঁদাবাজিরবলিদান #বরগুনা #দ্রুতবিচারচাই #নির্মমহত্যা #নিরাপত্তাহীনতা #বিচারচাই #স্বদেশবাংলা

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা