প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘মিটফোর্ডে সোহাগ হত্যা রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি’ — মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার চরম ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন,“এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার এবং আইনশৃঙ্খলার চরম বিপর্যয়ের ইঙ্গিত বহন করে। আমাদের রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের সাথে এমন সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যে-ই হোক, তার স্থান কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না।”

তিনি আরো বলেন,“জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতন ঘটার পরও প্রকাশ্যে হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় নীরবতা দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার কালো ছায়া আরও দীর্ঘ হবে।”

বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“এই বর্বর হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনুন। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটি এখন একটি পরীক্ষার মুহূর্ত।”

বিবৃতিতে তিনি নিহত সোহাগের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা