রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “সারাদেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল শনিবার (১২ জুলাই) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি মিটফোর্ড হাসপাতালের দিকে অগ্রসর হবে।
ছাত্রশিবির দাবি করে, এই ধরনের বর্বরোচিত ঘটনাগুলো একের পর এক ঘটলেও প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই তারা অবিলম্বে চাঁদ মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে কয়েকজন দুর্বৃত্তের হামলায় নিহত হন চাঁদ মিয়া (৪৩)। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।