প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদার জন্য ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫

চাঁদার দাবিতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে যুবদল নেতা-কর্মীদের হাতে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেঁতলে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। এরপর লাশের উপর বর্বর নৃত্য করেছে। এটা কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না। বাংলাদেশ ছাত্রসমাজ ও জনগণ এই নির্মম খুনের বিচার চায়।”

ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, “৫ আগস্টের পর থেকে আমরা দেশকে পুনর্গঠনের চেষ্টা করছি। কিন্তু একটি দলই বারবার সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন ভিডিও প্রকাশ্যে এসেছে—জাতীয়তাবাদী চাঁদাবাজদলের কর্মীরা একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় পাথর মেরে হত্যা করেছে। আমরা কী আবার প্রস্তর যুগে ফিরে যাচ্ছি?”

তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ, খুনসহ নানা অপরাধে লিপ্ত। এ দেশে এখন তারা পরিণত হয়েছে সন্ত্রাসীদের অভয়ারণ্যে। হত্যা শেষে লন্ডন থেকে ফোন আসে—‘বোন, আমি তারেক বলছি।’ তারেক রহমানকে বলতে চাই, আপনার দলকে সামলান। আওয়ামী লীগের পথ অনুসরণ করবেন না। করলে পরিণতিও তাদের মতো হবে।”

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “যেভাবে সোহাগ হত্যার ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ করছে, ঠিক এমনই প্রতিবাদ হতো আওয়ামী লীগের সময়ও। বিএনপি নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ১৬ বছর যারা মজলুম ছিল, তারাই এখন জালিমে পরিণত হয়েছে। এ অবিচার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দেবে।”

তিনি দাবি করেন, “এই দশ মাসে বিএনপি শতাধিক মানুষকে হত্যা করেছে। আমরা প্রতিটি হত্যার বিচার চাই।”

আরেক শিক্ষার্থী বলেন, “দলকে নিয়ন্ত্রণ না করতে পারার পরিণতি ভয়াবহ হয়—এক দল দিল্লি পালিয়েছে, এখন আরেক দল লন্ডনে। পালানোর সময় পাবেন না, সময় থাকতে নিজেকে ও দলকে ঠিক করুন।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা