নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৪১ হাজার ৮৪০টি পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৩ হাজার ১০০। জেলার ৬টি উপজেলার ৫৭টি ইউনিয়ন ও পৌর এলাকায় দেখা দিয়েছে এ দুর্ভোগ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী সদর, কবিরহাট ও সেনবাগ উপজেলা। শুধু সদর উপজেলাতেই ক্ষতিগ্রস্ত পরিবার ৩০ হাজার। সেনবাগে ৩ হাজার ৮৭০, কবিরহাটে ৩ হাজার ৬৫০, কোম্পানীগঞ্জে ৩ হাজার ৫২০, সুবর্ণচরে ৫০০ এবং হাতিয়ায় ৩০০টি পরিবার দুর্ভোগে পড়েছে।
পুরো জেলাজুড়ে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টি ঘরবাড়ি এবং সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে একটি। দুর্গতদের সহায়তায় প্রস্তুত রাখা হয়েছে ৪৬৬টি আশ্রয়কেন্দ্র। এর মধ্যে ৪০টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে ১ হাজার ৪১৯ জন মানুষ। এসব কেন্দ্রে ২৪০টি গবাদিপশুও নিরাপদে রাখা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য গঠন করা হয়েছে ৫১টি মেডিকেল টিম। এর মধ্যে ২৯টি ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।