প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি কি পাঁচ নম্বর দল? সিরিয়াল বিতর্কে ক্ষুব্ধ সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫

রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শেষে সংবাদ সম্মেলনের সিরিয়াল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম দিনের অধিবেশন শেষে এ ঘটনা ঘটে।

সংলাপ শেষে বরাবরের মতো প্রথমে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা গণমাধ্যমের সামনে কথা বলার জন্য প্রস্তুত হন। প্রথমেই বক্তব্য শুরু করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ।

সাকির বক্তব্য শেষ না হতেই ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সংবাদ সম্মেলনে বসে পড়েন। এ সময় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সালাহউদ্দিনকে বসার আহ্বান জানালেও, ইতোমধ্যে ইসলামী আন্দোলনের নেতা বক্তব্য শুরু করে দেন।

এতে visibly বিরক্ত হয়ে সালাহউদ্দিন পাশ থেকে বলেন, “পীর সাহেবকে কেউ ডিস্টার্ব কইরেন না।” এরপর সংবাদ সম্মেলনে না বসেই রুম ত্যাগ করে নিজের গাড়ির সামনে চলে যান।

গাড়িতে ওঠার মুহূর্তে সাংবাদিকরা তাকে ফিরে আসার আহ্বান জানালে তিনি বলেন, “এখানে তো তোমরা সিরিয়ালই দিচ্ছ না, ছোট ছোট দল বসে পড়ে, এটা কোনো কথা? আমি চলে যাচ্ছি।”পুনরায় অনুরোধ জানালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিএনপি কি পাঁচ নম্বর দল? পাঁচ নম্বরে গিয়ে কথা বলতে হবে?”

পরে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের অনুরোধে তিনি সংবাদ সম্মেলন কক্ষে ফিরে আসেন এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্সের পাশে গিয়ে বসেন। সেখানে প্রিন্স মৃদু কৌতুক করে বলেন, “আমি তো ভেবেছিলাম আপনি চলে গেছেন।” উত্তরে সালাহউদ্দিন বলেন,
“এটা কোনো কথা? বিএনপি কি পাঁচ নম্বর দল? সবার আগে তারা গিয়ে বসে পড়ে?”

সংবাদ সম্মেলনে উপস্থিত জামায়াতে ইসলামীর হামিদুল ইসলাম আজাদ বক্তব্য শুরু করলে এলডিপি ও গণঅধিকার পরিষদের নেতারাও তাদের অবস্থান নেন। তখন সাংবাদিকরা জোরে সালাহউদ্দিন আহমেদকে আহ্বান জানালে তিনি অবশেষে বক্তব্য রাখেন।

এই ঘটনা সংলাপ পরবর্তী পরিবেশে অস্বস্তি তৈরি করলেও শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা