প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সীমান্তে বিএসএফের পুশ-ইন: চার নারীসহ সাত বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ সাতজন বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে আটকে রাখে। পরে বিষয়টি জানানো হলে সকাল ৭টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

আটক ব্যক্তিরা হলেন—বরগুনার পাথরঘাটা উপজেলার রুস্তম আলীর মেয়ে মায়া আক্তার (৩২), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কাশেম আলীর ছেলে এনায়েত খাঁ (৫৫) এবং একই উপজেলার বেলায়েত খাঁর ছেলে মোহাম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মেহবুব আলীর ছেলে কোরবান আলী (২০) ও তার মা তাছলিমা বেগম (৫০), খুলনার খালিশপুর এলাকার সোহাগ মিয়ার মেয়ে সুমি আক্তার (৩০) এবং তার বোন রেমি আক্তার (২০)।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া বলেন, বিএসএফ ভোরে তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে আমরা স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিই।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কীভাবে ভারতে গিয়েছিল এবং কীভাবে পুশ-ইন হয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা