প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় ৪ তরুণের মর্মান্তিক মৃ’ত্যু, আহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে বিষক্রিয়ায় চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বুধবার (৯ জুলাই) রাতে ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

 

নিহতরা হলেন—হরিণছড়া চা বাগানের রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭)। আহত অবস্থায় রবি বুনার্জী (২০) নামের একজনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাশ বলেন, “সেপটিক ট্যাংকে কাজ করার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। সাধারণত এ ধরনের ট্যাংকে বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হতে পারে।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে সেপটিক ট্যাংকের সমস্যা মেরামতের জন্য কয়েকজন তরুণ সেখানে নামলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। মুহূর্তেই কয়েকজন অচেতন হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনার পর চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা