ফেনীতে টানা ভারী বর্ষণ এবং ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের ফলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০টি স্থানে ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
যদিও উজানের কিছু এলাকার পানি নামতে শুরু করেছে, বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে নতুন করে ফুলগাজীর মুন্সিরহাট ও আনন্দপুর ইউনিয়নের ছাগলনাইয়া এবং ফেনী সদর উপজেলার বাঁধের ৬টি স্থানে ভাঙনে আরও অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। এতে আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। অনেক এলাকায় বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
এদিকে, মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও শহরের অলিগলিতে এখনও কোমর পানিতে তলিয়ে রয়েছে। ফেনী শহরের মূল সড়কগুলোর পানি কিছুটা কমলেও নতুন করে ঢলের আশঙ্কায় স্থানীয়রা উদ্বিগ্ন। ইতোমধ্যে হাজারো মানুষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।
উদ্ধার তৎপরতা ও সহায়তায় মাঠে নেমেছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস। পাশাপাশি স্বেচ্ছাসেবক ও রাজনৈতিক সংগঠনগুলোও কাজ করছে।
ফেনী-পরশুরাম ও ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কসহ অনেক গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় মানুষজন একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ড জানায়, মুহুরী নদীর ১০টি, কহুয়া নদীর ৬টি এবং সিলোনিয়া নদীর ৪টি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরামে অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং মোট ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ৯টা পর্যন্ত) সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, পানি কিছুটা কমলেও নতুন নতুন এলাকায় ভাঙনের ফলে পানি ঢুকে পড়ছে। পানি পুরোপুরি কমার পর বাঁধ মেরামতের কাজ শুরু হবে।
ফুলগাজী উপজেলার আমজাদহাট, কিসমত ঘনিয়ামোড়া, উত্তর শ্রীপুর, নিলক্ষ্মী, গোসাইপুর, মন্তলা ও পরশুরামের ধনীকুন্ডা, শালধরসহ একাধিক এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত এখনও শুকায়নি, তার মধ্যেই আবারও নতুন বন্যায় সবকিছু হারানোর শঙ্কায় পড়েছেন তারা। তাদের মতে, জুলাই-আগস্ট মাসে বাঁধ ভাঙন যেন এখন নিয়মে পরিণত হয়েছে, কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধান নেই।