প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করা হবে। এদিন দুপুরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে। একই সময়ে প্রতিটি শিক্ষা বোর্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে। এই ফল প্রকাশের মাধ্যমে অপেক্ষার অবসান ঘটবে সারাদেশে এসএসসি, দাখিল ও কারিগরি ধারায় অংশ নেওয়া ১৯ লাখের বেশি শিক্ষার্থীর।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, দুপুর ২টার পর থেকে শিক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এসব শিক্ষার্থী মোট ২ হাজার ২৯১টি কেন্দ্রে এবং ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি এবং প্রতিষ্ঠান সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

ফলাফল জানতে শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল এসএমএস-এর মাধ্যমে ফল জেনে নিতে পারবে। অনলাইনে ফল পেতে www.educationboardresults.gov.bd অথবা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড এবং পরীক্ষার সাল দিয়ে সাবমিট করলেই ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর, তারপর আবার স্পেস দিয়ে ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA ১২৩৪৫৬ ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসা বোর্ডের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ফল জানার জন্য SSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং ২০২৫ লিখে একই নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা