আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ জন এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষার প্রবেশপত্রে (এডমিট কার্ড) গুরুতর ভুলের কারণে তাদের পরীক্ষা অনিশ্চয়তায় পড়েছে। প্রবেশপত্রে ভুল বিষয়ে উল্লেখ থাকায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বুধবার (৯ জুলাই) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, তারা যেসব বিষয় পড়েছে, সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের অনুমোদন নেই। ফলে তাদের এডমিট কার্ডে এসেছে ভূগোল, পরিসংখ্যান ও সমাজকর্ম—যা তাদের শেখানো হয়নি। পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় পড়েছে।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা সকালে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করে এবং পরে সেখান থেকে মিছিল নিয়ে আশুলিয়া-সিএন্ডবি সড়ক হয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান।
এক শিক্ষার্থী বলেন, “আমরা পড়েছি অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান, অথচ আমাদের এডমিটে দেওয়া হয়েছে ভূগোল ও সমাজকর্ম। এখন আমরা পরীক্ষায় কী লিখব? এটা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করার শামিল।”
বিক্ষোভকারীরা তাদের দাবিগুলো উপস্থাপন করেন: প্রবেশপত্র সংশোধন করে সঠিক বিষয়ে পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।আগামীকাল (১০ জুলাই) থেকে কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত করে শিক্ষক-শিক্ষার্থী গণস্বাক্ষরের মাধ্যমে গেট ব্লক করা হবে।যেসব শিক্ষক ও কর্মচারীর গাফিলতিতে এই ভুল হয়েছে, তাদের চাকরিচ্যুত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গতকাল (৮ জুলাই) শিক্ষার্থীরা একই দাবিতে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এইচএসসি ২০২৫, প্রবেশপত্রে ভুল, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ, পরীক্ষার অনিশ্চয়তা, শিক্ষক-কর্মচারীর গাফিলতি, সড়ক অবরোধ, মানববন্ধন, কলেজ কর্তৃপক্ষ