ঢাকার একটি আদালতে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাজিদা আক্তার (৩৫) নামের এক নারী। মামলার প্রেক্ষিতে আদালত সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
তবে এই মামলাকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন ডিপজল। তিনি বলেন, “একজন পাগল ভক্তের অসহায়ত্বের সুযোগ নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফাঁসাতে চাইছে।”
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ওই নারী তার কাছ থেকে অতীতে ৫০,০০০ টাকাসহ একাধিকবার অর্থ সাহায্য নিয়েছেন এবং নিজেকে ‘অসহায় মা’ পরিচয় দিয়ে বিভিন্ন সময় কান্নাকাটি করে টাকা নিয়েছেন, যার ভিডিও ও তথ্যপ্রমাণ রয়েছে।
ডিপজলের ভাষ্য অনুযায়ী, ঘটনার তারিখ (২ জুন)-এর দিন তিনি অভিযোগে বর্ণিত কোরবানির হাটে যাননি। হাটটি তিনি এর আগেই ১৫ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে বুঝিয়ে দিয়েছেন, যার কাগজপত্র ও সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও জানান।
অন্যদিকে, বাদী নারী তার এজাহারে অভিযোগ করেন, ২ জুন কোরবানির হাটে ডিপজলের সঙ্গে দেখা করতে গেলে তাকে গালাগালি, মারধর ও এসিড নিক্ষেপ করা হয়। ঘটনায় তিনি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন এবং মামলার আগেই হুমকি পেয়েছেন বলেও দাবি করেন।
ডিপজল আদালতের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বলেন, “যারা এই নারীর পেছনে রয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হোক। আমি নিরপরাধ, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”