ফেনীতে ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে আসা পানির প্রবল চাপের ফলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়ে ব্যাহত হচ্ছে যানচলাচল।
তবে বুধবার (৯ জুলাই) বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসায় শহরাঞ্চলে জলাবদ্ধতা কমতে শুরু করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে শহরবাসীর মধ্যে।
পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, মুহুরী নদীর বাঁধে পরশুরামের জঙ্গলঘোনায় ২টি, অলকায় ৩টি, শালধরে ১টি এবং ফুলগাজীর উত্তর শ্রীপুরে ১টি স্থানে ভাঙন হয়েছে। সিলোনিয়া নদীর বাঁধ ভেঙেছে পরশুরামের গদানগর ও ফুলগাজীর দেড়পড়া এলাকায়। কহুয়া নদীর বাঁধে পরশুরামের সাতকুচিয়ায় ২টি, বেড়াবাড়িয়ায় ১টি এবং ফুলগাজীর দৌলতপুরে ১টি স্থানে ভাঙনের খবর পাওয়া গেছে।
বাসিন্দারা জানান, মঙ্গলবার (৮ জুলাই) বিকেল থেকে এসব ভাঙনের সূত্রপাত। ফুলগাজীর নিলক্ষ্মী এলাকার বাসিন্দা মাসুদুর রহমান বলেন, “বৃষ্টি কমলেও পানি ঢুকছে। নেটওয়ার্ক সমস্যায় যোগাযোগ ব্যাহত হচ্ছে, অথচ আগের বছরের অভিজ্ঞতা থেকেও কর্তৃপক্ষ কিছুই শিখেনি।”
পরশুরামের তুলাতলী এলাকার আরিফ হোসেন বলেন, “গতকাল সন্ধ্যার পর থেকে পানি হু হু করে বাড়ছে। যোগাযোগ বন্ধ, শুকনো খাবার বা সহায়তা এখনো মেলেনি।”
একাডেমি এলাকার বাসিন্দা তোফায়েল নিলয় বলেন, “গতকাল কোমর সমান পানি ছিল। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় পানি নামতে সময় নিচ্ছে। খাল দখলমুক্ত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া সমাধান সম্ভব না।”
পরশুরামের ইউএনও আরিফুর রহমান জানান, “নতুন করে বাঁধ ভাঙেনি। আমরা দুর্যোগপ্রবণ এলাকাগুলোর পাশে থেকে কাজ করছি।”
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৩০৬ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, নদীর পানি এখনো বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপরে বইছে। তবে উজানে বৃষ্টি থেমে গেলে পরিস্থিতির উন্নতি হবে।