গাজীপুরের শ্রীপুরে একটি স্কুলের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে নবম শ্রেণির এক ছাত্রকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার দুই ঘণ্টা পর ওই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়। ভয়াবহ এই অপহরণের ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী প্রি ক্যাডেট স্কুলের সামনে। ভুক্তভোগী ছাত্র নয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে (বয়স ১৪)।
অস্ত্র ঠেকিয়ে ছেলেটিকে তুলে নেওয়ার সময়কার ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক স্কুলছাত্রকে মারধর করে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। শিক্ষক রুবেল হোসেন এবং শিক্ষার্থীরা বাধা দেওয়ার চেষ্টা করলে এক যুবক পিস্তল তাক করে সবাইকে ভয় দেখায়। আতঙ্কে আশপাশের শিক্ষার্থী ও শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী নবম শ্রেণির ছাত্র হৃদয় জানায়, “আমরা স্কুল ছুটির পর বাইরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ কয়েকজন এসে ফেরদৌসকে মারতে থাকে। রুবেল স্যার বাঁচাতে গেলে ওরা পিস্তল তাক করে ভয় দেখায়। আমরা চিৎকার করতে থাকি, কিন্তু কেউ কিছু করতে পারছিল না।”
শিক্ষক ও স্থানীয়দের মতে, অস্ত্রধারীরা একাধিকবার গুলি চালানোর হুমকি দেয় এবং বলে “যে সামনে আসবে তাকেই শেষ করে দেব।” এ পরিস্থিতিতে ভয়ে কেউই বাধা দিতে পারেনি।
অপহরণের দুই ঘণ্টা পর অস্ত্রধারীরা ছেলেটিকে ছেড়ে দেয়। তবে তাকে তুলে নেওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। ভুক্তভোগী পরিবারের সদস্য নাদিম মাহমুদ জানান, “ঘটনার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং অপরাধীদের স্বজনদের মাধ্যমে যোগাযোগ করি। এরপর তারা ছেলেটিকে ফেরত দেয়।”
অভিযুক্ত ব্যক্তির নাম মো. কাওসার আহমেদ (৩০), তিনি ধনুয়া গ্রামের ইমান আলীর ছেলে। তার সঙ্গে এমদাদুল হক, নূরুল হক, মোস্তফাসহ আরও কয়েকজন এই ঘটনায় জড়িত বলে জানা গেছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, “ঘটনার পর অভিযান শুরু হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। পিস্তলটি আসল না নকল, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”
এই ঘটনায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে।
জাআজি