বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বুধবার (৮ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং তার পার্শ্ববর্তী এলাকা—যেমন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং—এই চারপাশে যেকোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মানববন্ধন, মিছিল, অবস্থান কর্মসূচি বা শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
এই নির্দেশনা আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
ডিএমপি জানায়, জনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।