প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্রেন অবরোধ শেষে রেলপথ ছাড়লেন অবরোধকারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় গেটম্যান নিয়োগের দাবিতে দুই ঘণ্টাব্যাপী ট্রেন অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জীবন (২৫) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। তিনি মোটরসাইকেলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার সময় তার মোটরসাইকেল ট্রেনের ইঞ্জিনে আটকে প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়।

নিহত জীবন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের মোহাম্মদ আরমান আলীর ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানিতে কর্মরত ছিলেন এবং দুপুরে খাবার খেয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন অবরোধ করে। তারা অভিযোগ করেন, আমিরপুর রেলগেট দীর্ঘদিন ধরে অরক্ষিত। গেটম্যান থাকলে হয়তো জীবনকে বাঁচানো যেত। তারা বলেন, এর আগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে এই গেটটিতে।

অবরোধকারীরা দাবি করেন, গেটম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন চলতে দেওয়া হবে না। তারা পুলিশের ওসি খালেদুর রহমানের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি দাবি করেন। ওসি বলেন, “এখানে অবশ্যই গেটম্যান দরকার। আমি তিন দিনের সময় নিচ্ছি এবং প্রয়োজনীয় জায়গায় কথা বলব।”

পরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি উর্ধ্বতন রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অবরোধ তুলে নেয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, দুর্ঘটনার পর ইউএনও এম. সাইফুল্লাহ নিহত জীবনের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, “অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা রেলপথ ছেড়ে দিলে ট্রেন চলাচল শুরু হয়।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে গেটম্যান নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা