২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে শূন্য থাকা আসনগুলো পূরণে দ্বিতীয় দফা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিঝুম জাহান তন্নি, আবির মাহমুদ, সুমাইয়া আক্তার জুথি, তাওসীফুর রহমান তুহিনসহ আরও অনেকে। তারা বলেন, চলতি শিক্ষাবর্ষে একযোগে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন। তাদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন পাস করেছেন। সরকারিভাবে যে কজন ভর্তি হওয়ার সুযোগ পাননি, তাদের অনেকেই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আশা নিয়ে বসে আছেন। অথচ ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও বেসরকারি কলেজে প্রায় ৬০০টি আসন ফাঁকা রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, নীতিমালায় কোথাও উল্লেখ নেই যে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় দফা সার্কুলার দেওয়া যাবে না। তারপরও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দ্বিতীয় সার্কুলার দিচ্ছে না, যা মেধাবী শিক্ষার্থীদের জন্য চরম বঞ্চনার। একেকটি আসন ফাঁকা মানে একজন সম্ভাব্য চিকিৎসক হারিয়ে যাওয়া, যা ভবিষ্যতে দেশের চিকিৎসা খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।
তাদের চার দফা দাবিগুলো হলো:
- বেসরকারি মেডিকেল কলেজে শূন্য আসন পূরণে অবিলম্বে দ্বিতীয় দফা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- ২৫ মে তারিখে দেওয়া সরকারি মৌখিক আশ্বাস বাস্তবায়ন
- পোর্টাল বন্ধের অজুহাতে শিক্ষার্থীদের বাদ না দিয়ে প্রশাসনিক সিদ্ধান্তে তা পুনরায় চালু করা
- ১৫ জুন হামলার ঘটনার দোষীদের দ্রুত বিচার
শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্য খাতের সুরক্ষা, জাতীয় সম্পদের সঠিক ব্যবহার এবং মানবসম্পদ উন্নয়নের স্বার্থে এই দাবি মানা জরুরি। তারা আরও জানান, দাবি মানা না হলে তারা আন্দোলন আরও বেগবান করবেন।