যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। নতুন এ শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
এই সিদ্ধান্তের অংশ হিসেবে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমারসহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
এ বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চিঠিতে ট্রাম্প লেখেন: “২০২৫ সালের ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে আসা সব পণ্যে ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এই হার বাস্তবিক অর্থে আমাদের বাণিজ্য ঘাটতি মোকাবেলায় প্রয়োজনের তুলনায় কম। তবে যদি বাংলাদেশ পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে আমাদের আরোপিত শুল্কহার আরও বাড়বে।”
নতুন শুল্ক ঘোষণায় যেসব দেশের ওপর হার নির্ধারণ করা হয়েছে তা নিম্নরূপ:
- দক্ষিণ কোরিয়া ও জাপান: ২৫%
- মিয়ানমার ও লাওস: ৪০%
- দক্ষিণ আফ্রিকা: ৩০%
- মালয়েশিয়া ও তিউনিসিয়া: ২৫%
- ইন্দোনেশিয়া: ৩২%
- বসনিয়া: ৩০%
- সার্বিয়া: ৩৫%
- কম্বোডিয়া ও থাইল্যান্ড: ৩৬%
- কাজাখস্তান: ২৫%
ট্রাম্প দাবি করেন, এই শুল্কনীতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য অত্যন্ত জরুরি এবং এই হার ভবিষ্যতে সম্পর্কের ভিত্তিতে সমন্বয় করা হতে পারে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৯ এপ্রিল বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, যা বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার কারণে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল। সেই স্থগিতাদেশ ৯ জুলাই শেষ হওয়ার আগেই আবার নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা এলো।