প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি, কী ঘটেছিল?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫

সবসময় হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে প্রকাশ্যে দেখা গেলেও এবার একেবারে ভিন্ন এক রূপে ধরা দিলেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। রবিবার (৬ জুলাই) মুম্বাই বিমানবন্দরে তাকে দেখা যায় কান্নারত অবস্থায়, চোখে সানগ্লাসের আড়ালেও চোখের জল গড়িয়ে পড়ছিল স্পষ্টভাবে।

সাধারণত বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় যেভাবে প্রাণবন্ত ভঙ্গিতে ধরা দেন নোরা, এদিন ছিল তার সম্পূর্ণ উল্টো চিত্র। পরনে ছিল কালো প্যান্ট ও কালো জ্যাকেট, খোলা চুল, চোখে কালো সানগ্লাস, আর হাতে একটি ব্যাগ। গাড়ি থেকে নামার পর তাকে চোখ মুছতে মুছতে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

একজন ভক্ত ছবি তুলতে চাইলে দেহরক্ষী তাকে সরিয়ে দেন। নিরাপত্তারক্ষীর কণ্ঠেও ছিল কড়া সুর, যা ইঙ্গিত দেয়—নোরা হয়তো কোনো মানসিক চাপে আছেন।

বিমানবন্দরে আসার ঠিক এক ঘণ্টা আগে নোরা ফাতেহি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন:

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
ইসলাম ধর্মে কারো মৃত্যুর সংবাদে এই বাক্য ব্যবহার করা হয়, যার অর্থ—আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই প্রত্যাবর্তনকারী। ফলে অনেকেই ধারণা করছেন, নোরা হয়তো তার কাছের কোনো মানুষকে হারিয়েছেন।

তবে ঠিক কী কারণে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন বা কার মৃত্যুতে এই পোস্ট দিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

সম্প্রতি নোরাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এ, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ঈশান খাট্টার, ভূমি পেডনেকর, জিনাত আমান, সাক্ষী তানওয়ার, ডিনো মোরিয়া ও মিলিন্দ সোমন। সিরিজটিতে তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন রিয়ালিটি শোতে বিচারক হিসেবেও নিয়মিত উপস্থিত থাকেন তিনি।

নাচ, ফ্যাশন ও পর্দার ঝলকে যিনি বারবার আলোচিত হয়েছেন, আজ সেই তারকাকে কাঁদতে দেখে ভক্তরা উদ্বিগ্ন। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ‘Stay Strong Nora’ হ্যাশট্যাগে নোরার প্রতি সমবেদনা জানাচ্ছেন অনেকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা