যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জগতের আলোচিত উদ্যোক্তা ইলন মাস্ক এবার রাজনীতির মঞ্চে। ‘একদলীয় দুঃশাসনের অবসান’ ঘটাতে তিনি গঠন করেছেন একটি নতুন রাজনৈতিক দল— ‘আমেরিকা পার্টি’। তবে তার এই পদক্ষেপ ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে।
রোববার (৭ জুলাই) নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাব থেকে ওয়াশিংটন ডিসি ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,“আমরা দুই-দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। ইলন মাস্ক যা করছেন, তা হাস্যকর। তৃতীয় দল গঠন করা যুক্তরাষ্ট্রের জন্য বিভ্রান্তিকর। এটা সফল হবে না।”
শুধু সাংবাদিকদের সামনেই নয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এও মাস্ককে একহাত নেন ট্রাম্প। তিনি লেখেন,“গত পাঁচ সপ্তাহে মাস্ক নিয়ন্ত্রণ হারিয়েছে। সে এখন এক ট্রেন দুর্ঘটনা। তৃতীয় রাজনৈতিক দল মানেই বিশৃঙ্খলা—আর যুক্তরাষ্ট্রের এখন সেটা দরকার নেই।”
এর আগের দিন, শনিবার (৬ জুলাই) মাস্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন ‘আমেরিকা পার্টি’ গঠনের। সংবাদ সম্মেলনে তিনি বলেন,“যুক্তরাষ্ট্রে একটি অদৃশ্য একদলীয় শাসনব্যবস্থা চলছে। দুই দলের মাঝের পার্থক্য প্রায় বিলীন। জনগণের প্রকৃত স্বার্থ রক্ষায় একটি স্বচ্ছ, স্বাধীন ও গণমুখী রাজনৈতিক শক্তি প্রয়োজন।”
মাস্কের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ‘বিগ বিউটিফুল বাজেট’ এবং করছাড় বিল যুক্তরাষ্ট্রকে ঋণের ফাঁদে ফেলবে। তিনি বলেন,“আমার উদ্বেগ কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং বাজেট অপচয় ও ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক নিরাপত্তা নিয়ে।”
কিছুদিন আগেও ইলন মাস্ক ছিলেন ট্রাম্প প্রশাসনের অধীনে একটি গবেষণা ও উদ্ভাবনী বিভাগে প্রধান হিসেবে নিযুক্ত। কিন্তু বাজেট বিষয়ে দ্বিমত হওয়ায় তিনি গত মে মাসে পদত্যাগ করেন। বিদায় অনুষ্ঠানে ট্রাম্প তাকে উপহার দেন একটি ‘সোনালি চাবি’—প্রতীকী সম্মাননা হিসেবে। তবে মাস্কের চোখে কালশিটে দাগ দেখে সে মুহূর্ত সামাজিক মাধ্যমে রসিকতার উপাদান হয়ে ওঠে।
এই ‘চাবি’ নিয়ে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন—তিনি কি এখন সেই সোনালি চাবি মাস্কের কাছ থেকে ফেরত নিতে চান? কিন্তু প্রেসিডেন্ট এ প্রশ্নে কোনো উত্তর দেননি।
রবিবার (৬ জুলাই) সকালে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্কের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।“আমি নিশ্চিত নই, মাস্কের কোম্পানির বোর্ড সদস্যরা চান তিনি রাজনীতিতে জড়াক। তার উচিত ব্যবসায় ফেরা—সেখানে সে অনেক বেশি সফল।”
ট্রাম্প অভিযোগ করেছেন, টেসলা ও স্পেসএক্সের ওপর সরকারি ভর্তুকি কমে যাওয়াতেই মাস্ক ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক লড়াইয়ে নামছেন। তবে মাস্ক এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেন,“আমি যদি অর্থনৈতিক স্বার্থের জন্যই কিছু করতাম, তাহলে নিশ্চয় ট্রাম্প প্রশাসনের সঙ্গে থাকতাম। কিন্তু আমি দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।”
ইলন মাস্কের রাজনীতিতে প্রবেশ নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন একটি মাত্রা যোগ করেছে। তবে তার উদ্যোগ কতটা জনপ্রিয়তা পাবে বা আদৌ নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে কি না—তা সময়ই বলে দেবে।
ট্রাম্প ও রিপাবলিকানদের কড়া অবস্থান, ডেমোক্রেটদের প্রতিক্রিয়া এবং মাস্কের নিজস্ব জনসংযোগ—সব মিলিয়ে আগামী কয়েক মাসে ‘আমেরিকা পার্টি’ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনায় থাকবেই।