প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাকা হয়নি ৫০ বছরেও, প্রতিবাদে কাদা রাস্তায় ধান রোপণ এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের প্রধান সড়কটি পাকা হয়নি স্বাধীনতার পরও। টানা ৫০ বছরেও কোনো উন্নয়ন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। অবশেষে বারবার স্থানীয় প্রশাসনের দারস্থ হয়েও প্রতিকার না পেয়ে অভিনব প্রতিবাদের পথ বেছে নেন তারা। রোববার (৬ জুলাই) দুপুরে কাদায় ভরা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান স্থানীয়রা।

দীর্ঘদিনের অবহেলিত এ সড়কটি বাহাদুরপাড়া থেকে হিমনগর ও চরপিপলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার বিস্তৃত। এটি তিনটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা। স্কুল, কলেজ, হাটবাজার, হাসপাতালসহ সব ধরনের প্রয়োজনেই মানুষ এ সড়ক ব্যবহার করে থাকেন। এছাড়াও প্রায় ১৫০০ বিঘা ফসলি জমির কৃষিপণ্য পরিবহনও হয় এই রাস্তার মাধ্যমে।

স্থানীয় যুবক আসাদুল্লাহ আল গালিব জানান, “আমরা জন্মের পর থেকেই এই রাস্তাটি এমন কাদাযুক্ত অবস্থায় দেখে আসছি। কোনো উন্নতি হয়নি এতদিনেও। বাধ্য হয়ে আজকে ধান রোপণ করে প্রতিবাদ করেছি।”

শুধু বড়রা নয়, কাদা রাস্তায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু শিক্ষার্থীদেরও। স্থানীয় ছাত্রী মারিয়া জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে মসজিদে পড়তে যায় সে। মাঝে মাঝে কাদায় পড়ে বই-খাতা ভিজে যায়।

এলাকাবাসীরা আরও জানান, রাস্তাটি এতটাই খারাপ যে, রোগী নেওয়ার সময় অনেক সময় চরম বিপদে পড়তে হয়। সম্প্রতি এক বৃদ্ধ নারীকে হাসপাতালে নেওয়ার পথে কাদায় আটকে যাওয়ায় সময়মতো পৌঁছানো সম্ভব হয়নি, পরে পথেই মারা যান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ধান রোপণের ছবি ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নজরে আসার পর বিকেলেই সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

তিনি বলেন, “আশপাশের বাড়িগুলোর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার ওপর পানি জমে কাদা হয়ে যাচ্ছে। খুব দ্রুত একটি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা