প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন।রবিবার (৬ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন একমাত্র পুত্র মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ, ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্রছাত্রী।

অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান। শিক্ষকতা পেশায় তিনি ছিলেন সুপ্রতিষ্ঠিত। কর্মজীবনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং রাজধানীর সরকারি তিতুমীর কলেজসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমার জানাজা আজ বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা